ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর পৌনে ২ টার দিকে রাজশাহীর কাটাখালিতে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

কাটাখালী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পর ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, একটি মাইক্রোবাস ও হিউম্যান হলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। মাইক্রোবাসের আগুন হিউম্যান হলারেও ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে অনেকেই মারা যান। বেশ কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলেও জানান তিনি।


