ধূমকেতু প্রতিবেদক : শনিবার নগরীর পদ্মাগার্ডেন কফিবারে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদের কল্যাণ সমিতির দিনব্যাপী আলোচনা শেষে নতুন কমিটি গঠন করা হয়।
সভায় গ্রামীণ ব্যাংকের সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী অবসরপ্রাপ্তদের সুবিধাদি বাস্তবায়নে কর্তৃপক্ষের গড়িমসি ও টালবাহানার বিরুদ্ধে চরম ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয় ও নিন্দা জ্ঞাপন করা হয় এবং রাজশাহী জোনের জোনাল ম্যানেজার আলমগীর হোসেনের বিতর্কিত ভূমিকার জন্য তাকে সতর্ক করা হয়।
সভায় অবসরপ্রাপ্তদের চলমান আন্দোলনকে আরো শক্তিশালী ও বেগবান করার জন্য সমিতির সাংগাঠনিক শক্তি বৃদ্ধি সহ সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী পাওনা আদায়ের জন্য ৬, ৭, ৮ এপ্রিল ২০২১ তারিখে গ্রামীন ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থান কর্মসূচী সফল করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা মাহবুবুল আলম ও জেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা হতে আগত অন্যান্য সদস্যবৃন্দ।
সভাশেষে কমিটির নাম ঘোষণা করেন, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলমাছ উদ্দীন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন গোলাম নবী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী, সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম , কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ জাহান, প্রচার সম্পাদক তাহের উদ্দীনসহ ২৩ সদস্য বিশিষ্ট সম্পাদক মন্ডলী।
এছাড়া আলমাছ উদ্দীনসহ ১০ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি এবং গোলজার হোসেন কে প্রধান উপদেষ্টা করে ১০ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।


