ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : বিভিন্ন গণমাধ্যমে এ্যাম্বুলেন্স সেবা নিয়ে সংবাদ প্রকাশের পর চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত চালককে দিয়ে গ্যারেজ বন্দী এ্যাম্বুলেন্সটি রোববার মেরামতের জন্য চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।
সংবাদ প্রকাশ হওয়ার পর ওই স্বাস্থ্য কর্মকর্তা তড়িঘড়ি করে হোম কোয়ারেনটিনে থাকা ওই চালককে ডেকে এ্যাম্বুলেন্স মেরামতের জন্য জেলা সদরে নিয়ে যেতে নির্দেশ দেন।
এদিকে, স্বাস্থ্য কর্মকর্তার এ কর্মকান্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, বিকল্প একজন চালক থাকা স্বত্ত্বেও এ্যাম্বুলেন্স গ্যারেজবন্দী করে রেখে এলাকাবাসীকে সেবা থেকে বঞ্চিত করেছেন তিনি।
এ প্রসংগে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ পারভেজ জানান, চালকের করোনা পজিটিভ হওয়া এক সপ্তাহ পার হয়ে যাওয়ায় এবং এ্যাম্বুলেন্সটি দ্রুত মেরামতের জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।


