ধূমকেতু প্রতিবেদক : অক্সিজেন সিলিন্ডারের মূল্য সমন্বয় করা এবং অক্সিজেনের মূল্য ১২ হাজার টাকায় বিক্রিসহ ৮ দফা সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর ৮০র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর লক্ষীপুর মোড়ে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্রনেতা কামরান হাফিজ।
তিনি বক্তব্যে বলেন, রাজশাহীর করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং বিভিন্ন কর্মসূচী পালন করে যাচ্ছে ৮০র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ। করেনার শুরু থেকে রাজশাহী মহানগরী ও রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলে মানুষকে সচেতন করার লক্ষে লিফলেট ও মাস্ক বিতরণ এবং জন-সচেতনতামূলক স্টিকার লাগানো ও সাধ্যমত খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এছাড়ার এই সংগঠন ইতোমধ্যে করোনা রোগিদের জীবন বাঁচাতে অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন করেছে। সেই সাথে ১০জন চিকিৎসক নিয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে। চিকিৎকরা অনলাইনে এবং ফোনে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন।
তিনি আরো উল্লেখ করে বলেন, ৮০র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ ঈদুল আযহার পূর্বেই অসহায় জনগনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবেন। শুধু তাই নয় ঔষধ সিন্ডিকেট ভাঙ্গার জন্য তারা জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য।
সংবাদ সম্মেলনে তোলা ৮টি দাবীগুলো হলো :
(১) অক্সিজেন সিলিন্ডারের মূল্য সমন্বয় করা এবং কোনভাবেই অক্সিজেনের মূল্য ১২ হাজার টাকার উপরে করা যাবেনা।
(২) অক্সিজেন রিফিলের ক্ষেত্রে কোন কোম্পানী বিবেচনা করা যাবেনা, নিজ কোম্পানী নয় বরং সার্বজনীনভাবে সকল কোম্পানীর অক্সিজেন সিলিন্ডার রিফিলের ব্যবস্থা করতে হবে।
(৩) ২৪ ঘন্টা অক্সিজেন রিফিলের ব্যবস্থা কোম্পানীগুলোকে করতে হবে।
(৪) কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে চিকিৎসা ফি অর্ধেক নেয়ার দাবী জানানো হয়।
(৫) করোনা রোগিদের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই সিটিস্ক্যানসহ সকল পরীক্ষা ও রিপোর্ট স্বল্প সময়ে দিতে হবে।
(৬) হাসপাতালে মৃত রোগির লাশবাহী সকল গাড়ীর ভাড়া আরএমপি কর্তৃক নির্ধারণ করতে হবে, সেইসাথে ভাড়ার তালিকা টাঙ্গাতে হবে।
(৭) দ্রুত সময়ের মধ্যে রাজশাহী সদর ও শিশু হাসপাতালসহ সকল হাসপাতালে করোনা রোগিদের চিকিৎসা সেবা চালু করতে হবে।
(৮) দেশীয় ঔষধ কোম্পানীরা করোনাসহ সকল প্রকার ঔষধ বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মুল্যবৃদ্ধি করছে। এই ধরনের অবচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংবাদ সম্মেলনকারীরা।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, রাকসুর সাবেক ভি.পি রাগীব আহসান মুন্না ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সংগ্রাম পরিষদের নেতা ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি নফিকুল ইসলাম সেল্টু, সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা মেরাজুল আলম মেরাজ, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাবেক ছাত্র নেতা কামরান হাফিজ, সাবেক ছাত্রনেতা শাহরিয়ার রহমান সন্দেশ, সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহামন বাবু। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফি।


