ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : সারাদেশের ন্যায় লালমনিরহাটেও শহর ও গ্রাম পর্যায়ে একযোগে গণ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে । এসময় জেলার মোট ৪৫ টি ইউনিয়ন পরিষদ ও ২টি পৌরসভায় এ গণ টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। শুধু তাই নয় এবারের করোনা টিকাদানে জেলার বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারাও এর আওতায় অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।
শনিবার (৭ আগষ্ট) সকালে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের কুলাঘাট উচ্চ বিদ্যালয়ে গণ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।
এর আগে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ভার্চুয়ালী টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা সিভিল সার্জন নির্মলেন্দু রায়, অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম, জেলা জাতীয় পাটির সদস্য সচিব জাহিদ হাসান লিমন প্রমুখ ।
জেলা প্রশাসক আবু জাফর বলেন, সারা দেশের ন্যায় লালমনিরহাটেও সপ্তাহব্যাপী এই গণ টিকা কর্মসূচীতে গ্রাম পর্যায়ের মানুষজন, বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং নারীদের বেশি অগ্রাধিকার দেয়া হবে। অনলাইনে যারা নিবন্ধণ করতে পারবেন না এমন ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কেন্দ্রেই নিবন্ধণ করে টিকা নিতে পারবেন। সেই সাথে লালমনিরহাট সদরের একমাত্র বিলুপ্ত ছিটমহল ভিতরকুটির বাসিন্দারাও টিকার আওতায় অন্তর্ভুক্ত থাকবেন।
জেলায় ১শত ৫০টি কেন্দ্রে ২৯ হাজার ৪শত জনকে এ টিকা দেয়া হবে বলে জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন। ২৫ বছরের উর্ধে সকলকে এ টিকা দেয়া হবে।


