ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাজীর বাঘার পদ্মার চরাঞ্চলে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলমের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে এ ত্রাণ বিতরণ করা হয়।
স্থানীয় লোকজন জানান, বাঘার পদ্মার চরাঞ্চল নিয়ে গঠিত চকরাজাপুর ইউনিয়নে ১৮ হাজার জনগোষ্ঠির বসবাস। এর মধ্যে প্রায় ১৪ হাজার মানুষই এখন পানিবন্দী। ইতোমধ্যে অত্র এলাকার একাধিক মসজিদ সহ পানির মধ্যে অবস্থান করছে ৯ টি প্রাথমিক বিদ্যালয় এবং ২ টি মাধ্যমিক বিদ্যালয়-সহ প্রায় সাড়ে তিন হাজার পরিবার। এর মধ্যে গত শুক্রবার অত্র ইউনিয়নের এক থেকে তিন পর্যন্ত মোট তিনটি ওয়ার্ডে পাঁচশ পরিবারের মাঝে বৃষ্টি উপেক্ষা করে ত্রাণ বিতরণ করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মনিরুজ্জামান। যা চাহিদার তুলনায় একেবারেয় অপ্রতুল ছিল। অনেকের মতে, চরাঞ্চলের মানুষ এখন ত্রাণের জন্য হাহাকার।
সেই ধারাবাহিকতায় রবিবার (২২ আগষ্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজেস্ব অর্থায়নে চরাঞ্চলের অবশিষ্ট ৪ থেকে ৯ পর্যন্ত প্রতিটি ওয়ার্ডের বানভাসিদের মাঝে ১ হাজার ৫ শ প্যাকেট ত্রাণ সামগ্রী পৌঁছেদেন বাঘা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। এই ত্রান সামগ্রীর মধ্যে ছিলো- চিড়া, মুড়ি, বিস্কিট, চিনি, লবন, ম্যাচ (লাইটার) ও মোমবাতি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, চরাঞ্চলের চকরাজাপুরি ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, চকরাজাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবলু দেওয়ান সহ সহযোগী সংগঠনের কর্মীবৃন্দ।
চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যানর আজিজুল আযম জানান, গত দুই সপ্তাহ ব্যাপী নদীতে পানি বৃদ্ধির কারনে তাঁর এলাকার আতার পাড়া, লক্ষী নগর, দিয়ার কাদিরপুর, চৌমাদিয়া, কালিদাস খালি, চকরাজাপুর জোতশী, দাদপুর, পলাশী ফতেপুর, পলাশীরচর, করারী নওশারা, লক্ষী নগর এবং চকরাজাপুর এলাকার প্রায় ৯ শ বিঘা আবাদি জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছেন শত-শত কৃষক। তাঁর মতে , এর আগেও বন্যা হয়েছে। তবে এবার পানী বন্ধী হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক পরিবার।
এ বিষয়ে স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম বলেন, বর্তমান সরকারের রাজনীতি গরিব দু:খীদের সুখে রাখার রাজনীতি। এবারের বন্যায় সবচেয়ে ক্ষত্রিগ্রস্থ হয়েছেন যারা, বন্যা পরবর্তী সময় তাদের পূণর্বাসন-সহ কৃষকদের সার্বিক সহায়তা দেয়া হবে। তিনি বলেন, এই ওয়াদা আমার একার নয়, এই ওয়াদা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
তিনি আরো বলেন, অপ্রত্যাশিত বন্যায় আপনাদের চোখে যে পানি ঝরেছে তা শেখ হাসিনার কান্না। আপনরা কেউ চিন্তা করবেন না। গত শুক্রবার সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে যে ভাবে- চাল, ডাল, আটা, লবর, পিয়াজ, সয়াবিন ও চিনি পেয়েছেন এমনিভাবে পর্যায় ক্রমে যতদিন পানি না কমবে আপনাদের পাশে থাকবে সরকার। পাশে থাকবো আমি নিজেসহ আমাদের দলীয় নেতৃবৃন্দ।


