ধূমকেতু প্রতিবেদক : দেশে পেশাদার সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
আগামী ২৩ অক্টোবর সকাল নয়টা থেকে বিরতিহীনভাবে বিকাল পাঁচটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান সরদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০ সেপ্টেম্বর (সকাল ১১টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত) মনোনয়ন বিতরণ করা হবে। ২৩ সেপ্টেম্বর (সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত) মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৬ সেপ্টেম্বর (সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত) প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ করা হবে।
এছাড়া ২৮ সেপ্টেম্বর (বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত) যেকোনো প্রার্থীর আপত্তি থাকলে শুনানি অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর (সকাল ১১টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত) প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ২ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৩ অক্টোবর ভোটগ্রহণ করা হবে। বিএফইউজের অধিভুক্ত ১০টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে সরাসরি ভোটগ্রহণ করা হবে।
এদিকে, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের নোটিশ বোর্ডে নির্বাচনী তফসিল টানানো হয়েছে। রোববার বিকালে এ নির্বাচনী তফসিল টানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, আরইউজের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, নির্বাচন কমিশনার আহমেদ শফি উদ্দিন ও হাসান মিল্লাত। আরইউজের যেসব সদস্য নির্বাচনে অংশ নিতে আগ্রহী তারা ইউনিয়ন কার্যালয় থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র উত্তোলন করতে পারবেন।


