ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে আসন্ন পৌরসভার উপ নির্বাচনে কর্মীদের পুলিশী হয়রানি বন্ধ ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদাউস। তিনি গোদাগাড়ী পৌরসভার প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর সহধর্মিনী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহীর নিউমার্কেট এলাকায় অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
লিখিত বক্তব্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদাউস বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নৌকার প্রার্থী ও তার সমর্থকরা তাকে নির্বাচন থেকে দূরে রাখতে বিভিন্ন অপচেষ্টা অব্যাহত রেখেছে। এছাড়াও কয়েকটি ওয়ার্ডে দুর্বৃত্তরা রাতের আধারে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এছাড়াও মিথ্যা মামলা দিয়ে কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
এসময় সংবাদ সম্মেলন থেকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরীর পাশাপাশি গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।


