ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচন থেকে সরে দাড়ালেন মেয়র প্রার্থী শাহনেওয়াজ খান সিনা।
শনিবার (১৬ অক্টোবর) সকালে জেলা শহরের টাউন ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন না করার ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে সিনা বলেন, ‘আমি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সহ সভাপতি ও জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য। বিএনপি দলীয়ভাবে পৌর নির্বাচনে অংশ নিচ্ছেনা। ফলে দলের প্রতি শ্রদ্ধা রেখে আমার মেয়র পদে প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’
এসময় উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম ও তার আইনজীবী আব্দুস সালাম তালুকদার।
উল্লেখ্য, বিএনপি দলীয়ভাবে নির্বাচন না করলেও চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামীকাল রোববার ( ১৭ অক্টোবর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দ। ভোট গ্রহণের তারিখ ২ নভেম্বর।


