ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে নিখোঁজের চার দিন পর ধান ক্ষেত থেকে বাবলী খাতুন (৬) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আব্দুলপুর কদমতলা গ্রামের বাবু কুলির মেয়ে। এ ঘটনায় একই গ্রামের সাইদুল ইসলাম ও তার সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলে ইলিয়াস হোসেন ঈমনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ অক্টোবর) সকালে স্থানীয়রা মাঠে কাজে গেলে একই এলাকার মনি মাষ্টারের ধানের জমিতে একটি মুখ বাধা বস্তা দেখতে পায়। বিষয়টি সন্দেহ জনক হওয়ায় পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ওই ধান ক্ষেত থেকে বস্তাবন্দী অবস্থায় বাবলীর লাশ উদ্ধার করে।
উল্লেখ্য গত ১৯ অক্টোবর দুপুর থেকে বাবলী নিখোঁজ ছিল। অনেক খোজাখুজি করে তাকে না পেয়ে ওই দিন থানায় সাধারণ ডায়েরী করে তার বাবা।
লালপুর থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উক্ত পিত-পুত্রকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


