ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পূজামন্ডপ ও বাড়িঘরে হামলার ঘটনার প্রতিবাদে সুজানগরে গণঅবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ গেট চত্বরে এ কর্মসূচি পালন করে তারা।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখার সভাপতি রনজিৎ কুমার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডুর সঞ্চালনায় গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা শাখার সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সাবেক সভাপতি শ্রী অতুল কুমার কুন্ডু।
আরও বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক শ্রী বিজন কুমার পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুজানগর পৌর শাখার সভাপতি জয়ন্ত কুমার কুন্ড এবং বিকাশ সাহা, গণেশ সাহা, স্বপন কুমার, শ্রী সুবাস কুমার, শ্রী জগনাথ কুমার সাহা ও মিঠুন কুন্ডু প্রমুখ।
সুজানগরের এ কর্মসূচি থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার ও দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার বিচারের দাবি জানানো হয়।


