ধূমকেতু প্রতিবেদক, লালপুর : আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার ১১ নভেম্ব। দিন শেষে নাটোরের লালপুর উপজেলার ১০ ইউনিয়নে ৮ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ২১ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে প্রার্থী প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের শেষ সময় পর্যন্ত চেয়ারম্যান পদে ০৮ জন, সাধারণ সদস্য পদে ১২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহারকারীরা হলো ১নং লালপুর ইউনিয়নে তৌহিদুল ইসলাম বাঘা, ২ নং ঈশ্বরদী ইউনিয়নে শফিকুল ইসলাম স্বপন, ৬ নং দুয়ারিয়া ইউনিয়নে শরিফুল ইসলাম সরকার, ৮ নং দুড়দুড়িয়া ইউনিয়নে ইদ্রিস আলী ও আব্দুল লতিফ, ৯ নংএবি ইউনিয়নে ইউসুফ আলী এবং ১০ নং কদিমচিলান ইউনিয়নে আব্দুল মান্নান ও আবুল কাশেম সরকার।
অপর দিকে সাধারণ সদস্য পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন ১২ জন এদের মধ্যে ১ নং লালপুর ইউনিয়নে ৩ জন, ৩ নং চংধুপইল ইউনিয়নে ২ জন , ৪ নং আড়বাব ইউনিয়নে ১ জন, ৫ নং বিলমাড়িয়া ইউনিয়নে ২জন, ৬ নং দুয়ারিয়া ইউনিয়নে ২জন ,৮ নং দুড়দুড়িয়া ইউনিয়নে ১ জন এবং ১০ নং কদিমচিলান ইউনিয়নে ১ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন ১০ নং কদিমচিলান ইউনিয়নে ১ জন। উল্লেখ্য এবারের নির্বাচনে উপজেলার ১০ টি ইউনিয়নে ৫০ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৫৯৯ প্রার্থী মনোয়ন পত্র জমা দেন। এর মধ্যে একজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।


