ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরের চাঁন্দাশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রবীণ আওয়ামী লীগ নেতা কাজির উদ্দীন মাষ্টারকেই নৌকার মাঝি হিসেবে পেতে চান ওই ইউনিয়নের সচেতন ভোটাররা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহঃ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন তিনি পাশ্ববর্তী মান্দা উপজেলার বানডুবি হাজি ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৯ সালে অবসর গ্রহণ করেন। তাঁর দুই মেয়ে ডাঃ কামরুন নাহার ও আরেক মেয়ে মেডিকেল কলেজে অধ্যয়নরত জাকিয়া সুলতানা এবং এক ছেলে মনোয়ারুল রাশেদীন টাইম।
তিনি ১৯৬৯ সালে যুদ্ধ পূর্ববর্তী সময়ে নওগাঁ ডিগ্রি কলেজে অধ্যয়নের সময় ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে রাজনীতিতে আসেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধ করতে না পারলেও বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগীতার পাশাপাশি রাজাকারদের দেশ বিরোধী কাজ প্রতিহত করার চেষ্টা করেন। তিনি জীবনের শেষ সময়ে এসে নৌকার মাঝি হয়ে ইউনিয়ন বাসীর সেবার পাশাপাশি মাদক ও দুর্ণীতিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ গোলাম রাব্বানী জানান, কাজীর মাষ্টারকে নৌকা প্রতীক দিলে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ জানান, এলাকার উন্নয়নে সৎ, নির্ভিক ও যোগ্য নেতাকে নৌকার হিসেবে প্রতীক দেয়া উচিত। এ তালিকায় কাজির মাষ্টার নিঃসন্দেহে আসতে পারেন। এলাকার সাধারণ ভোটারসহ আমরাও চাই কাজির মাষ্টারকেই নৌকা প্রতীক দেয়া হোক।


