ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : হাইকোর্টে একটি সীমানা সংক্রান্ত রীটের কারনে এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নির্বাচন বাতিল করল নির্বাচন কমিশন।
শনিবার (১৩ নভেম্বর) বিকেলে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন বাতিল করে নির্বাচন অফিস। শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাসিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
হাইকোটে দাখিলকৃত রীট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ৯নং দূর্লভপুর ইউনিয়নের অন্তর্গত ৪ নং ওয়ার্ডের সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা সংশোধনের আবেদন করেন দূর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজিব। সেই আবেদনের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কে এই আদেশ প্রাপ্তির তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীদের কাছে সিদ্ধান্ত জানানোর নির্দেশনা জারি করে গত ২৭ জুন হাইকোর্টের একটি বেঞ্চ।
বিষয় জানতে দূর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজিবের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এদিকে নির্বাচন বাতিলের বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাসিনুর রহমান জানান, নির্বাচন কমিশন সচিবালয়ে জারিকৃত ১৭০০০০০০০৭৯৪১০৩৯২১৩৭১ নম্বর স্মারকের নির্বাচন পরিচালনা কমিটির উপসচবি আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি আদেশর প্রেক্ষিতে তিনি এ নির্বাচন বাতিল করেন।
এর আগে সম্প্রতি একই কারনে তফসিল, বাছাই ও প্রতীক বরাদ্দের পর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন শেষ মূহূর্তে বন্ধ হয়ে যায়।


