ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠি জেলা যুবদলের শামীম তালুকদারকে আহ্বায়ক এবং আনিসুর রহমান খানকে সদস্য সচিব করে দুই সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় দলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এ ঘোষণা করা হয়।
এদিকে কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই ঝালকাঠি জেলা যুবদলের নেতাকর্মীসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছে জেলার বিভিন্ন স্থানে। নব নির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবকে জানিয়ে ফুলেলে শুভেচ্ছা। ইতোমধ্যেই নিজেদের চাহিদা অনুযায়ী পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে নেতাকর্মীরা।
কমিটির ব্যাপারে নতুন আহবায়ক শামীম তালুকদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ কর্ণধার, বাংলার আপামর জনতার প্রাণের স্পন্দন, প্রিয় নেতা তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের উপরে বিশ্বাস এবং আস্থা রেখে যেই দায়িত্ব দিয়েছে তার মান রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করব।
তিনি বলেন, ঝালকাঠি জেলার যুবদলের সকল কমিটি তারেক রহমানের নির্দেশনা মেনে গঠন করে সরকার পতনের আন্দোলনে মাঠে থাকবো আমরা। আমরা দেখিয়ে দিতে চাই বিগত দিনের ঝালকাঠি জেলা যুবদলের সকল কমিটির চেয়ে আমরা যোগ্য।


