ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : ‘নতুন নেতৃত্বে আসুক নতুন গতি’ আসুন আবেগ নয়, বিবেকের দ্বার উম্মোচন করি, যোগ্য প্রার্থী নির্বাচন করি’ এ স্লোগানকে ধারণ করে নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ নেতৃত্ব শাফিউল আজম চৌধুরী লিংকন।
তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালুশহর গ্রামের আফজাল হোসেন চৌধুরীর পুত্র। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তার কর্মী সমর্থকরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, পাড়া, মহল্লায় ও চায়ের দোকানে গভীর রাত পর্যন্ত প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। অনেকই চাচ্ছেন নতুন নেতৃত্ব আসুক।
সাবেক মেম্বার মহিনগর গ্রামের নূরুল ইসলাম বলেন, তিনি একজন সৎ ও যোগ্য ব্যক্তি, সুশিক্ষিত। তার মতো মানুষ এলাকার উন্নয়নে এগিয়ে আসলে আমরা অবশ্যই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব।
কালুশহর গ্রামের আলতাফ হোসেন বলেন, সামাজিক অবক্ষয় রোধ করতে সকল পর্যায়ে সৎ, আদর্শবান নেতৃত্ব আসা দরকার। সেই হিসেবে লিংকন একজন যোগ্য প্রার্থী দলমত নির্বিশেষে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করা উচিত।
সাবেক মেম্বার চক বলরাম গ্রামের রেজাউল ইসলাম বলেন, তার বাবা অত্র ইউনিয়নে চেয়ারম্যান থাকাকালীন এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। ইউনিয়ন পরিষদটিও তিনিই কালুশহর বাজারে প্রতিষ্ঠিত করেছেন। তাই এলাকার উন্নয়নে নতুন নেতৃত্ব লিংকনকেই দলমত নির্বিশেষে ভোট দিয়ে জয়যুক্ত করানো দরকার।
নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কোন কোন পদক্ষেপ গ্রহণ করবেন জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী শাফিউল আজম চৌধুরী লিংকন বলেন, বাবার স্বপ্ন পূরণে বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধ, মাদকমুক্ত সমাজ গঠন, বাল্য বিবাহ প্রতিরোধ, এলাকার রাস্তাঘাটের উন্নয়নসহ নাগরিকরা যেন দ্রুত নাগরিক সেবা পান সে ব্যবস্থা তিনি করবেন। তাই তিনি দল মত নির্বিশেষে সকলের দোয়া ও ভোট চান।


