ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় হেরোইন ও গাঁজাসহ পৃথক অভিযানে দু’জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার হেলালপুর গ্রামের মৃত টুটুল মন্ডলের স্ত্রী পান্না খাতুন (৩৫) এর বাড়িতে অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো প্রায় ২৯ হাজার টাকা মূল্যের সাড়ে ৯ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে পুলিশ। এসময় হেরোইন বিক্রীর সাড়ে ৫ হাজার টাকা ও উদ্ধার করা হয়।
অপরদিকে, চকরাজাপুর ইউনিয়নের নীচ পলাশী গ্রামে মৃত চাঁদ মৃধার ছেলে সাইদ মৃধাকে (৬২) তার নিজ বাড়ির শয়ন ঘর থেকে ২০ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে পুলিশ।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আটককৃতদের নামে মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দিয়ে বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


