ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : পুঠিয়ায় স্থানীয় দুইজন সাংবাদিকসহ সাবেক পৌরসভার মেয়রকে স্থায়ী জামিন দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালত।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে শুনানি শেষে স্থায়ী জামিন মন্জুর করেন বিচারক জনাব জিয়াউর রহমান।
গত বছর পুঠিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী ও সাবেক মেয়র রবিউল ইসলাম রবির পরাজয় হয়। আর এই পরাজয়ের পেছনে একজন শীর্ষ জনপ্রতিনিধি ও দলের কয়েকজন নেতাকর্মীকে দায়ি করেন সাবেক মেয়র।
আর ‘যে কারণে নৌকার পরাজয়’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় সাহেব-বাজার টোয়েন্টিফোর ডটকমে। এ ঘটনায় বর্তমান পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য ডা. মনসুর রহমান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে সাইবার আইনে একটি মামলা দায়ের করেন।
মামলায় প্রধান অভিযুক্ত করা হয় সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি। ওই মামলায় সাহেব-বাজার টোয়েন্টিফোরের পুঠিয়া প্রতিনিধি এইচ এম শাহনেওয়াজ ও সাংবাদিক আরিফ সাদাতকে অভিযুক্ত করা হয়।


