ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. কুদরত-ই জাহান।
বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পশ্চিম লাউঞ্জে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রেজিনা লাজ।
শিক্ষক সমিতির নির্বাচনে মোট ১৫ টি পদের বিপরীতে সভাপতিসহ ১৪ টি পদে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের শিক্ষক প্রতিনিধি।
নির্বাচিতরা অন্যরা হলেন, সহ সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মাইনুল হক, কোষাধ্যক্ষ ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক এ এইচ এম কামরুল আহসান।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন, ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আশরাফুজ্জামান, চিত্রকলা-প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ড. বনি আদম, নৃবিজ্ঞান বিভাগের ড. আলতাফ হোসেন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন বিভাগের ড. মতিকুল ইসলাম, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অমিত কুমার দত্ত, ফার্মেসির ড. রনক জাহান, হিসাব বিজ্ঞান বিভাগের কামরুল হাসান শোভন, রসায়নের ড. রেজাউল হক আনসারী ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ বকুল।


