ধূমকেতু প্রতিবেদক, রাবি : প্রতিবন্ধীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর চার দফা দাবি সংবলিত স্মারকলিপি পাঠিয়েছে সেচ্ছাসেবী সংগঠন ফিজিকালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে পিডিএফ আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন পিডিএফের সভাপতি মোজাহিদ হাসান বাবু।
তাদের দাবিসমূহ হলো :
প্রতিটি একাডেমিক, প্রশাসনিক, আবাসিক ভবনে সিঁড়ির এক পাশে র্যাম্প ও লিফট থাকা; দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় বাড়ানো ও শ্রুতি লেখক নিয়োগ; আবাসিক হল সমূহে অগ্রাধীকার ভিত্তিতে প্রথম বর্ষেই প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা এবং প্রতিটি বাসে সামনের সিট প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করা।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. অধ্যাপক গোলাম সাব্বির সত্তার বলেন, প্রতিবন্ধী শিক্যার্থী অনুকূল ক্যাম্পাস গড়ার লক্ষ্য দাবিগুলো বাস্তবায়ন করার চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আগামী বছর থেকে প্রতিটি হলে চারটি সিটের ব্যবস্থাসহ র্যাম্পের ও হুইলচেয়ারের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, বিগত বছরের তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তির আসন সংখ্যা ৫০টি থেকে ১২২ টিতে বৃদ্ধি করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী জাকারিয়া, রাবি পরীক্ষা নিয়ন্ত্রয়ক আলমগীর সরকার, আইন বিভাগের সভাপতি হাসিবুল আলম প্রধান। এছাড়া অনুষ্ঠানে অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


