ধূমকেতু নিউজ ডেস্ক : ইউপি নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৪ জন আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অপর এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
বুধবার সকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি সভা ডেকে এই চার নেতাকে বহিষ্কার ও একজনকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়।
বহিষ্কৃতরা হলেন, কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিমল চন্দ্র শিকদার, সদস্য ও সাবেক চেয়ারম্যান সত্যেন্দ্রনাথ জয়ধর, বান্ধাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হান্নান মোল্লা ও লিপন মিয়া।
এছাড়া শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাব্রিয়েল বাড়ৈকে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগ এনে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।
আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান খান বাদল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম রুনী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে গত মঙ্গলবার উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আবু ছাইদ শিকদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিষ্কার করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ক ও ঠ উপধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ছাইদ শিকদারসহ এ পর্যন্ত ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ সকল নেতারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাই তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


