ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), রাজশাহী জেলা প্রশাসন, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাক-টিআইবির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে সকালে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, কেউ দুর্নীতি করে তার সন্তানের জন্য যে প্রাসাদ তৈরি করে পরবর্তীকালে সেই সন্তান বড় হয়ে তার বাবাকে ঘৃণা করে। দুর্নীতির মাধ্যমে যে সম্পদ হয়, সে সম্পদের কথা কাউকে বলা যায় না।
তিনি আরও বলেন, এর কারণ হল প্রত্যেক মানুষই আসলে জানে এক ব্যক্তির কর্ম অনুযায়ী আয় কত। দুর্নীতি কৃষকেরা করে না, দুর্নীতি শিক্ষিত লোকেরাই করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, দুর্নীতি দমন করা শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজ নয়, এটা আমাদের সবার কাজ, এটা সবার দায়িত্ব। মানুষের সাথে সরকারি কর্মকর্তাদের যত বেশি যোগাযোগ হবে দুর্নীতি তত কমে যাবে। তিনি বলেন, তাদের অফিস দুর্নীতিমুক্ত।
আলোচনা সভায় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বলেন, দুর্নীতির সমস্যা আজকের নয়, প্রাচীনকাল থেকেই দুর্নীতির সমস্যা রয়েছে। অনেক চেষ্টা করেও এটি নির্মূল করা যায়নি। এর বীজ এখনো সমাজে রয়ে গেছে।
তিনি বলেন, ঘুষ নিতে কাউকে ধরতে পারবেন না, কিন্তু ঘুষের টাকা কোথায় ব্যবহার হচ্ছে সেটা ধরতে ধরা যায়। আমাদের শুধু নৈতিকতা দিয়ে দুর্নীতি দূর করা সম্ভব না, তবে আমাদের প্রযুক্তি দিয়ে দুর্নীতি দূর করা সম্ভব। এ জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশকে সম্পূর্ণ ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়তে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দুদক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাসির উদ্দিন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ আশরাফুল আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এর আগে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে দুর্নীতিবিরোধী একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সনাকের রাজশাহীর সভাপতি ড. দীপকেন্দ্রনাথ দাস।


