ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের গানের তালে তালে প্রচার-প্রচারনায় মুখোড়িত হয়ে উঠেছে চারঘাটের অলি গলি। চতুর্থধাপে উপজেলার ছয়টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬শে ডিসেম্বার। নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়াকার্সপার্টি ও স্বতন্ত্র প্রার্থী মিলে চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে রয়েছেন ২৪ জন এবং সাধারন সদস্য (পুরুষ) পদে ২২৬ জন ও সংরক্ষিত নারী পদে ৬৩জন।
দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে চারঘাট ইউনিয়নে ফজলুল হক, সরদহ ইউনিয়নে হাসানুজ্জামান মধু, নিমপাড়া ইউনিয়নে অধ্যক্ষ মনিরুজ্জামান, ভায়ালক্ষীপুর ইউনিয়নে আব্দুল মজিদ প্রাং, শলূয়া ইউনিয়নে আবুল কালাম আজাদ, ইউসুফপুর ইউনিয়নে শফিউল আলম নির্বাচন করছেন।
এছাড়াও চেয়ারম্যান পদে ৫ জন বিএনপি স্বতন্ত্র প্রার্থী, একজন জাতীয়পার্টি সমর্থিত লাঙ্গল প্রার্থী, একজন ওয়াকার্সপার্টি সমর্থিত হাতুরি প্রতীক এবং ১১ জন আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের লড়াইয়ে করছেন।
আগামী ২৬শে ডিসেম্বার ভোটকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীদের নিয়ে গানের তালে তালে চলছে প্রচার-প্রচারণা। উপজেলা জুড়ে মাইকিং ছাড়াও বিভিন্ন মোড়ে মোড়ে চায়ের দোকানে গানের তালে চলছে নির্বাচণী প্রচারনা। এ ছাড়াও ইতিমধ্যে নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে।

চেয়ারম্যানদের পোষ্টারের পাশাপাশি যোগ হয়েছে সাধারণ সদস্য (পুরষ) ও সংরক্ষিত সাধারন সদস্য (মহিলা) পোস্টারও। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীদের পক্ষ থেকে পাড়া, মহল্লা ও রাস্তায় মাইকিংয়ে জমজমাট হয়ে উঠেছে ভোটের আমেজ। প্রার্থী ও তাদের কর্মীরা ভোটারদের বাড়ি-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও হাট-বাজার সর্বত্র যাচ্ছেন আর ভোটারদের সাথে দেখা হলেই তাদের মনোনিত প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। দিচ্ছেন বিভিন্ন ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি। সবমিলিয়ে জমে উঠেছে উপজেলার ইউপি নির্বাচন।
দলীয় প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে উঠান বৈঠক এবং লিফলেট বিতরনের মাধ্যমে ভোটারদের মন আকৃষ্ট করার চেষ্টা করছেন। দলীয় নেতাকর্মী ও বিশিষ্টজনদের নিয়ে প্রতিটি ওয়ার্ডে গিয়ে নির্বাচনী পথসভায় সরকার দলীয় প্রার্থীরা সরকারের দৃশ্যমান উন্নয়নগুলো তুলে ধরছেন। অপরদিকে ওয়াকার্সপার্টি, আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র ও বিএনপি স্বতন্ত্র প্রার্থীরা ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করছেন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহন করে উন্নয়নের প্রতিশ্রæতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এবং ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগে অনুপ্রানিত করছেন।
তবে ভোটারদের দাবী, যিনি জনগনের পাশে থেকে এলাকায় উন্নয়ন ঘটাবেন, যিনি নিজের জন্য নয়, জনগনের জন্য চিন্তা করবেন। এবারের নির্বাচনে তাকেই নির্বাচিত করা হবে। এখন পর্যন্ত নির্বাচনী সহিংসতার কোন খবর পাওয়া যায়নি, প্রার্থীদের প্রচার প্রচারন সুষ্ঠু ও সুন্দরভাবে চলছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মোহাম্মদ রবিউল আলম।


