ধূমকেতু প্রতিবেদক, রাবি : বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে (১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ৬ টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী জাকারিয়া, অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক তারেক নূর, প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবি প্রেসক্লাবসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, আবাসিক হলসমূহ ও অন্যান্য ভবনগুলোতে পতাকা উত্তোলন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৮ টা ৪৫ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও সকাল সাড়ে ৯ টায় শেখ রাসেল মডেল স্কুলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে সুবর্ণজয়ন্তী, মুজিব জন্মশতবর্ষ ও বিজয় দিবস উপলক্ষে প্যারেড অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এখানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবির নবনিযুক্ত বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড.সনৎ কুমার সাহা।
এদিন সকাল ১০ টা ৪৫ মিনিটে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন প্রাঙ্গণে স্কুল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা ১১টায় শেখ কামাল স্টেডিয়ামে শিক্ষক, অফিসার ও কর্মচারীদের বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়।
এরপর বিকেল ৪ টায় সকল বিভাগ ও ইনস্টিটিউট, হল প্রশাসন এবং শিক্ষক সমিতিসহ অন্যান্য সংগঠন মাননীয় প্রধানমন্ত্রীর অনলাইনে উপস্থিতিতে রাবি কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ পাঠে অংশ নেন। বিকেল ৪ টা ১০ মিনিটে একই স্থলে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
এর পাশাপাশি বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে সন্ধ্যা সাড়ে ৫ টায় একটি বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া ১৫ ও ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে আলোকসজ্জায সুসজ্জিত করা হয়েছে। এছাড়াও সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ‘সাবাস বাংলাদেশ’ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নিজেকে সাক্ষী করে রাখতে গণস্বাক্ষর ও ছাপ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম দিকে এ কর্মসূচির আয়োজন করা হয়।


