ধূমকেতু নিউজ ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা আরিচা মহাসড়কে অজ্ঞাত এক গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে বিসিক শিল্প নগরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানায় রেখেছে পুলিশ।
দুর্ঘটনায় নিহতরা হলেন, জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকার ঠান্ডু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু (৩৬) এবং মানিকগঞ্জ সদর রাজিবপুর এলাকার লাল চান মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
দুর্ঘটনায় নিহত আনোয়ার হোসেনের ভাই আব্দুল হামিদ বলেন, ‘আনোয়ার হোসেন পেশায় গরু ব্যবসায়ী। কসাইদের কাছে গরু বিক্রি করেন তিনি। গরু বিক্রির টাকা নিয়ে মানিকগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় মারা যায় আমার ভাইসহ দুজন।’
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


