ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৬টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আইন-শৃংখলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অধিদপ্তরের যৌথ আয়োজনে পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামরিার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম, সহকারী পুলিশ সুপার (এএসপি) চারঘাট সার্কেল প্রণব কুমার, মডেল থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা প্রার্থীগণ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, আসন্ন ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সকল সরকারী কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণের নিকট সহযোগিতার আহ্বান জানান।
ভোট গ্রহণে কেউ হুমকি-ধামকি দিয়ে বিশৃংখলা বা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনুগত ব্যবস্থা নেয়া হবে।


