ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী ও নাটোরের একজন করে রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৯ জন। বর্তমানে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর তিনজন, নাটোরের তিনজন, পাবনার দুজন, কুষ্টিয়ার একজন, জয়পুরহাটের একজন এবং সিরাজগঞ্জের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন চারজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি দুজনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয়জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী।
গত ১৭ ডিসেম্বর থেকে রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব। সর্বশেষ মঙ্গলবার এই ল্যাবে ২৭১ জনের নমুনা পরীক্ষায় আটজনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে রাজশাহীর একজন, জয়পুরহাটের চারজন এবং বগুড়ার তিনজন রয়েছেন। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে দশমিক ৯৬ শতাংশ, জয়পুরহাটে ৪ দশমিক ৭৬ শতাংশ এবং বগুড়ায় ৩ দশমিক ৭০ শতাংশ।


