ধূমকেতু প্রতিবেদক, নুর আলম, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অভ্যন্তরে বহিরাগত ও ছিনতাইকারী ঠেকাতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের পরিবহনে প্রক্টর স্বাক্ষরিত এক বিশেষ সিল থাকার কথা থাকলেও শিক্ষক-শিক্ষার্থী কর্মকতাদের অধিকাংশ ব্যক্তিগত পরিবহনে সিল নেই।
এতে করে সুযোগ নিচ্ছে বহিরাগতরা। ক্যাম্পাস অভ্যন্তরে পরপর চারটি ছিনতাইয়ের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সমালোচনার মুখে প্রশাসন। এজন্য সবগুলো গাড়িকে সিলের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী।
তিনি বলেন, বহিরাগতদের অবাধ প্রবেশের ফলেই বারবার ছিনতাইয়ের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। বেশির ভাগ ছিনতাইয়ের ক্ষেত্রে দেখা গেছে ছিনতাই করে মুহূর্তের মধ্যেই বাইকে করে দ্রুত গতিতে পালিয়ে যায়। বহিরাগত বাইকারদের শনাক্তকরণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রক্টর স্বাক্ষরিত বিশেষ সিল ব্যবহারের আওতায় আনা হচ্ছে। মাত্র ৪০ টাকায় প্রক্টর অফিস থেকে সিল সংগ্রহ করা যাবে।

সিল ব্যবহারে জালিয়াতি করতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সিল সংগ্রহকারীকে অবশ্যই তাদের আইডি কার্ড ও গাড়ির বৈধ কাগজপত্র দেখিয়ে সিল সংগ্রহ করতে হবে। এছাড়া সিলে প্রত্যকের জন্য স্বতন্ত্র নাম্বার দেওয়া থাকবে।
তিনি আরও বলেন, অপরাধ ঠেকাতে প্রশাসন বিভিন্ন রকম ব্যবস্থা নিচ্ছে, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে লাইটিংয়ের ব্যবস্থা করা, যথেষ্ট পরিমাণ সিসি ক্যামেরা আছে তবে সংখ্যার পরিমাণ আরও বৃদ্ধি করার কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তা জোরদার করা ও কাউকে সন্দেহ জনক মনে হলে জিজ্ঞাসাবাদ করার আওতায় আনা হচ্ছে।
এদিকে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, পরিবহন রাখার নির্দিষ্ট জায়গাগুলোতে রাখা পরিবহনের অধিকাংশতেই নেই প্রক্টর স্বাক্ষরিত সেই সিল।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর দিনে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাইশা জান্নাত ছিনতাইয়ের শিকার হয় এর ৩ দিনের ব্যবধানে উপাচার্যের বাসভবনের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে।


