ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ মে) সকালে সান্তাহার রেলওয়ে থানাধীন বগুড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ মে) বগুড়া স্টেশন প্লাটফর্ম এলাকায় বিশেষ এক অভিযান চালিয়ে আরও এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বামন হাজার এলাকার মতিয়ার রহমানের ছেলে রাসেল (২৫) ও বগুড়া জেলার গাবতলী থানার তেলিহাটা গ্রামের জয়নাল মন্ডলের ছেলে শুভ ইসলাম নয়ন(২৫)।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার (ওসি) সাকিউল আযম বলেন, গত ১৯ মে দুপুর ৩টার দিকে সান্তাহার হতে দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রীর হাতে থাকা একটি মোবাইল ফোন চুরি করে পালানোর সময় বগুড়া স্টেশন থেকে শুভ ইসলামকে ও গোপন সংবাদের ভিত্তিতে (২০ মে) পৃথক একটি বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় আরও এক সদস্য রাসেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, গত মে মাসে সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ৮ জন সক্রিয় চোর সদস্যকে গ্রেপ্তার করা হয়।


