ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : দীর্ঘদিন পরে বগুড়ার নন্দীগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টিতে জনমনে স্বস্তি দেখা দিয়েছে। সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে অনেক দিন ধরে প্রচন্ড তাপদাহ থাকার ফলে প্রাণিকুলে নেমে এসেছিল চরম বিপর্যয়।
দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় প্রচন্ড তাপদাহে জমির মাটি ফেটে চৌচির হয়েছে। কৃষকরা আমন ধান চাষবাদ নিয়ে বিপাকে পড়ে। গরমে বেড়েছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি। এরই মধ্যে ঘন ঘন বিদ্যুতের লোড শেডিং হওয়ায় বয়স্ক ও শিশুদের নিয়ে চরম সমস্যায় রয়েছে পরিবারের সদস্যরা।
অবশেষে রোববার (২৪ জুলাই) সকাল থেকে শুরু হয় কাঙ্ক্ষিত এই স্বস্তির বৃষ্টি। এতে কর্মজীবি মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বৃষ্টির পানি পেয়ে আনন্দে মেতে উঠেছে শিশুরা। আকাশ মেঘলা রয়েছে। যে কোন সময় ভারি বর্ষণ নামবে এমন আশায় রয়েছে উপজেলাবাসী।
নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা আব্দুল মজিদ বলেন, অনেক দিন পরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। অনেক ভালো লাগছে। জানিনা কতক্ষণ চলবে। তবে ভারি বর্ষণের প্রয়োজন।



