ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে মেহেদী হাসান রাজ (২৩) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রহনপুর পৌর এলাকার পুরাতন বাজার এলাকায় একটি নির্মাণাধীন বাড়িে এ ঘটনা ঘটে। মৃত ওই যুবক রহনপুর পৌর এলাকার গম্বুজপাড়ার আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে রহনপুর পুরাতন বাজারে বীরমুক্তিযোদ্ধা আকতার আলী কচি খানের বাড়িতে দেওয়াল রংয়ের কাজ করছিল সে। এ সময় নেসকোর ৩৩ কেভি সংযোগ লাইনের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয় সে। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার মৃতদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হবে বলে তিনি জানান।


