ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় বসতবাড়ির সামনে গোবর ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১০টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম উত্তম কুমার প্রামাণিক (৪৫)। তিনি শামুকখোল মধ্যপাড়া গ্রামের অনকুল চন্দ্র প্রামাণিকের ছেলে। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত উজ্জল কুমার প্রামাণিক একই গ্রামের অনিল চন্দ্র প্রামাণিকের ছেলে বলে জানা গেছে।
চিকিৎসাধীন উত্তম কুমার প্রামাণিক বলেন, অভিযুক্ত উজ্জল কুমার আমার বসতঘরের সামনে দীর্ঘদিন ধরে গোবর ও ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দুষিত করে আসছিল। এ সবের গন্ধে ঘরে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। বাধা নিষেধ করার পরও তিনি তা কর্ণপাত করেননি। এনিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, একই বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার কথা কাটাকাটির এক পর্যায়ে উজ্জল কুমার হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করেন। এতে আমি গুরুতর জখম হয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত উজ্জল কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#



