ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আগামী ২৬ ডিসেম্বর রাজশাহীর বাঘা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২৯ নভেম্বর সোমবার মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এতে ১৫ জন চেয়ারম্যান এবং ১২১ জন সাধারণ সদস্য পদের মধ্যে থেকে চেয়ারম্যান পদে দু’জন এবং সদস্য পদে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার মজিবুল আলম জানান, এ উপজেলায় চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর তিনটি ইউনিয়ন পরিষদ-আড়ানী, বাউসা এবং চকরাজাপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে ২৫ নভেম্বর মনোনয়ন জমা দেয়ার শেষদিন ছিলো। অতঃপর ২৯ নভেম্বর মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এর মধ্যে চকরাজাপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মোজাম্মেল হক এবং আড়ানী ইউনিয়ন থেকে হামিদুল ইসলামসহ চকরাজাপুরের ৫ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে হেলাল উদ্দিন শেখ এর মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচনী নীতিমালা লংঘন এবং নানা ভুলত্রুটির কারনে এদের মনোনয়ন বাতিল করা হয়।
এ উপজেলায় গত বৃহস্পতিবার মনোনয়ন জমা দেয়ার শেষদিন সরকার দলীয় আওয়ামী লীগ থেকে আড়ানী ইউনিয়নের পক্ষে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হিসাবে মনোনয়ন জমা দেন রফিকুল ইসলাম রফিক, বাউসা থেকে শফিকুর রহমান এবং চকরাজাপুর থেকে বাবলু দেওয়ান। ঐ দিন দুপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে করে প্রার্থীরা মনোনয়ন জমা দেন।
এ ছাড়াও এখানে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হিসাবে তিন ইউনিয়ন মিলে ১২ জন মনোনয়ন জমা দিয়ে ছিলেন এবং সরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিয়ে ছিলেন ৩০ জন এবং সাধারণ সদস্য পদে ৯১ জন প্রার্থী।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে আপিল দায়ের শেষ দিন ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং প্রতিক বরাদ্দ ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এরপর অত্যান্ত কঠোর ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন।


