ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : দুর্গাপুরে জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে (পিআইও) অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই এই কর্মবিরতি পালন করা হয়। এতে পিআইও অফিসে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে আসা অনেক লোকজন ভোগান্তিতে পড়েন। এই কর্মবিরতি চলবে আগামি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে এই কর্মদিবস অনুষ্ঠিত হয়।
কর্মদিবসে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুবা আক্তার,অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর শামিম আক্তার ও কার্যসহকারী সাহিরুল ইসলাম।
কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের দাবিসমুহ হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও)’এর পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)’এর পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও আপগ্রেডেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।
দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ কার্যকর হয়েছে প্রায় এক যুগ আগে। অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। পদ দুটির আপগ্রেডেশন প্রস্তাবও পড়ে আছে মন্ত্রণালয়ে। ফলে ডিআরআরও-পিআইওরা কাঙ্ক্ষিত আর্থিক সুবিধা পাচ্ছেন না।
দুর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুবা আক্তার বলেন, প্রায় এক যুগ আগে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ কার্যকর হয়েছে। অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। পদ দুটির উন্নীতকরণ প্রস্তাবও পড়ে আছে মন্ত্রণালয়ে। ফলে ডিআরআরও-পিআইওরা কাংক্ষিত আর্থিক সুবিধা পাচ্ছেন না।


