ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘা পৌর বাজারের মধ্যে দিয়ে চলাচলের রাস্তার পাশের কড়ই গাছের মরা একটি ডাল ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোন সময় ডালটি ভেঙে পড়ে হতাহতের আশঙ্কা রয়েছে। বড় কোনো দুর্ঘটনার আগেই ঝুঁকিপূর্ণ মরা ডালটি জরুরিভাবে অপসারণের দাবি জানিয়েছে স্থানীয় লোকজন।
গাছটি প্রায় শত বছর আগে লাগানো। গত কয়েক বছর ধরে বিভিন্ন রোগে গাছের পাতা ঝরে মৃতপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে বিশাল আকারের একটি ডাল। এ ছাড়া ঘুণ পোকা বাসা বেঁধেছে এই গাছের মরা ডালটিতে। ডালে পচন ধরে কিছু কিছু অংশ খসে পড়ছে। ফলে ঝড়-বাতাস বৃষ্টি শুরু হলেই আতঙ্ক ছড়িয়ে পরে বাজারের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে।
স্থানীয়রা জানান, উপজেলার সদরে, বাঘা পৌর বাজারের মধ্যে দিয়ে চলাচলের রাস্তার পাশে একটি রেইনট্রি কড়ই গাছ রোপণ করা হয়। স্থানীয়দের দেখভালের মাধ্যমে গাছটি আস্তে আস্তে বড় হতে থাকে। বাজারে আসা লোকজন ছাড়াও উপজেলা পরিষদ, পৌরসভা ও স্কুল-কলেজে যাওয়াত করেন এই রাস্তা দিয়ে। ছোট-বড় যানবাহনও চলাচল করে এই রাস্তায় ।
সরেজমিন বাঘা বাজারে গিয়ে দেখা যায়, গাছটার নিচের রাস্তা ধরে ঝুঁকি নিয়ে চলছে বাজারে আসা লোকজন। গাছের নীচে ঝুঁকি মাথায় নিয়েই দোকানদারি করছেন বাজারের স্থায়ী-অস্থায়ী ব্যবসায়ীরাও। ঝুঁকিপূর্ণ গাছটির নীচ দিয়েই চলাচল করছেন লোকজন।
স্থানীয় বাসিন্দা রবিউল আলী জানান, গাছটির মরা ডালের কারণে আতঙ্কের মধ্য দিয়ে যাতায়াত করতে হয় লোকজনকে। শুধু তাই নয় মাঝে-মধ্যে ঝড়-বৃষ্টি হলে মরা গাছের ডাল ভেঙে পড়ে থাকে রাস্তার ওপর।
বাজারের ব্যবসায়ী সাইদুর রহমান-মাসুদরানা জানান, প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে শত শত লোক চলাচল করেন। রাস্তার পাশে গাছের ডাল মরে ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় গাছের মরা ডালটি ভেঙে পড়ে হতাহতের ঘটতে পারে। মারাত্মক দুর্ঘটনা এড়াতে জনস্বার্থে জরুরিভাবে গাছটির মরা ডালটি অপসারণ করা দরকার।
বাজার কমিটির সভাপতি সহিদুল ইসলাম জানান, অনেক আগেই বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, তবুও এখনও কোনো ব্যবস্থা নেয়নি।
বাঘা পৌর মেয়র আক্কাছ আলী বলেছেন, স্থানীয় প্রশাসনের মাধ্যমে গাছটির মরা ডাল কেটে ফেলার ব্যবস্থা নেব।
উপজেলা নির্বাহি অফিসার (চলতি দায়িত্বে) সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ বলেন, সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নিবেন।


