ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবনের দুটি ফ্লোর ভাড়া দেয়ার বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুক্তি স্বাক্ষরের সময় জেলা প্রশাসক আবদুল জলিল উপস্থিত ছিলেন।
রাজশাহী নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দুটি ইউনিট ভাড়া নিচ্ছে ডালাস ট্রেড লিংক লিমিটেড। দুটি ফ্লোরের মাসিক ভাড়া এক লাখ ২৫ হাজার টাকা। ভাড়া নিতে ২০ লাখ টাকা জামানতও দিতে হচ্ছে ডালাসকে। অনুষ্ঠানে ১০ বছরের চুক্তি করা হয়।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। আর ডালাস ট্রেড লিংক লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর আবুল বাশার মো. শহিদুল্লাহ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান রাজা, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা শাহাদুল হক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।



