IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> বিচ্ছেদের পর সন্তান কার কাছে থাকবে?

বিচ্ছেদের পর সন্তান কার কাছে থাকবে?

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বামী-স্ত্রী দুজনেই উচ্চ শিক্ষিত। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ভালোবেসে দুজনে ১৪ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু দুই বছর আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। বাবা-মায়ের এই বিচ্ছেদের ঘটনায় একমাত্র কন্যা সন্তান কার জিম্মায় থাকবেন তা নিয়ে হলো মামলা।

এরই মধ্যে সন্তানকে নিজ হেফাজতে নিতে আবেদন করেন পিতা। সেই আবেদন মঞ্জুর করে ঢাকার পারিবারিক আদালত। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন মা। ওই আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চ পারিবারিক আদালতের আদেশ রবিবার স্থগিত করে দেন। একইসঙ্গে ১০ বছরের ঐ সন্তানকে মায়ের জিম্মায় রাখার আদেশ দিয়ে হাইকোর্ট বলেছে, বাবা চাইলে সন্তানের সঙ্গে দেখা করতে পারবেন।

বাবা ও মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে দুজনই প্রতিষ্ঠিত। ২০০৭ সালে তারা বিয়ে করেন। ২০১১ সালে তাদের কন্যা সন্তান হয়। তার বয়স প্রায় ১০ বছর। পড়েন স্কুলে। মনোমালিন্য থেকে ২০১৯ সালে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু সন্তান ছিলো মায়ের কাছে। পরে বাবা সন্তানকে নিজের জিম্মায় নিতে পারিবারিক আদালতে মামলা করেন।

প্রথমে মায়ের জিম্মায় রাখার আদেশ দেন গত ১৬ জুন। ৩০ জুন ওই আদেশ স্থগিত করে পারিবারিক আদালতের দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ বলেন, আগামী ২১ দিন সন্তান পিতার হেফাজতে থাকবে। তার মধ্যে মায়ের হেফাজতে থাকবে শুক্র ও শনিবার। বাবা সন্তানের অনলাইনে স্কুলের ক্লাসের ব্যবস্থা করবেন। নিম্ন আদালতের এই আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন সন্তানের মা।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফখরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। শুনানি শেষে পারিবারিক আদালতের আদেশ ৩০ দিনের জন্য স্থগিত করে দেয় হাইকোর্ট। একইসঙ্গে স্বাভাবিক কোর্ট খোলার পর বিষয়টি পরবর্তী আদেশের জন্য উপস্থাপন করতে আইনজীবীকে নির্দেশ দেয় আদালত।

প্রসঙ্গত, মুসলিম আইন অনুযায়ী, বাবাই অপ্রাপ্তবয়স্ক সন্তানের আইনগত অভিভাবক আর মা হচ্ছেন সন্তানের তত্ত্বাবধায়ক। সন্তানের মা যদি বাবার কাছ থেকে আলাদা থাকেন কিংবা তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, তাহলে মা তাঁর সন্তানের তত্ত্বাবধান করার ক্ষমতা হারাবেন না। ছেলের ক্ষেত্রে সাত বছর বয়স পর্যন্ত এবং মেয়েসন্তানের বয়ঃসন্ধি বয়স পর্যন্ত মা সন্তানদের নিজের কাছে রাখতে পারবেন। সন্তানের ভালোর জন্য যদি সন্তানকে মায়ের তত্ত্বাবধানে রাখার আরও প্রয়োজন হয়, সে ক্ষেত্রে এ বয়সসীমার পরও মা সন্তানকে নিজের কাছে রাখতে পারবেন। তবে এ জন্য ক্ষেত্রবিশেষে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে। মা যদি দ্বিতীয় বিয়ে করেন, তাহলে সন্তানকে নিজের হেফাজতে রাখার ক্ষমতা হারাতে হতে পারে।

যদি আদালতে গড়ায়
বিচ্ছেদের পর সন্তান কার কাছে থাকবে, এ নিয়ে বিরোধ দেখা দিলে পারিবারিক আদালতে আশ্রয় নেওয়া যাবে। পারিবারিক আদালত তখন আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে, সন্তানেরা কার কাছে থাকবে। তবে আইনের পাশাপাশি আদালতের ক্ষমতা রয়েছে সন্তানের কল্যাণের দিকটি বিবেচনা করা। আদালত সন্তানের সুস্থ, স্বাভাবিক বিকাশের দিকটি বিবেচনা করে বাবা বা মা যে কারও কাছে রাখার আদেশ দিতে পারেন। অনেক সময় সন্তানের যদি ভালো-মন্দ বোঝার ক্ষমতা থাকে, তাহলে সন্তানের মতামতকেও আদালত গুরুত্ব দিয়ে থাকেন। এ জন্য প্রয়োজন হলে সন্তানকে আলাদা করে বিচারক নিজের কাছে নিয়ে তার মতামত জেনে নিতে পারেন। আবার মা-বাবা পর্যায়ক্রমে সন্তানকে কাছে রাখা কিংবা একজনের কাছে থাকলে অন্যজনকে দেখা করার অনুমতিও দিয়ে থাকেন। পারিবারিক আদালতে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সন্তানকে কাছে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ারও সুযোগ রয়েছে।

সন্তানের ভরণপোষণের দায়িত্ব কার
বিচ্ছেদের পর সন্তান যদি মায়ের কাছে থাকে, অনেক বাবা মনে করেন সন্তানের ভরণপোষণ দিতে হবে না। এটা ঠিক নয়। সন্তান বাবা কিংবা মা—যার কাছেই থাকুক না কেন, সন্তানের ভরণপোষণের দায়িত্ব সম্পূর্ণ বাবার। অর্থাৎ মা-বাবার মধ্যে বিচ্ছেদ হলে কিংবা মা-বাবা আলাদা বসবাস করলে বাবাকেই সন্তানদের ভরণপোষণ দিয়ে যেতে হবে। ইচ্ছে করলে মা আলাদা থেকেও বিবাহবিচ্ছেদ হোক বা না হোক, সন্তানের ভরণপোষণ আদায় করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে পারিবারিক আদালতে মামলা করতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31