ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে হঠাৎ করে আসা কালবৈশাখী ঝড়ে মাটিতে নুইয়ে পড়েছে ইরি-বোরো পাকা ধানের গাছ। এছাড়াও ধানের জমিতে পানি জামায় উৎপাদন কম হওয়ার আশংকাসহ ধান কাটার শ্রমিক খরচ কিছুটা বাড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছেন এলাকার কৃষকরা।
সোমবার (৫ মে) দুপুরে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাঠের বোরো ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে হটাৎই আকাশ কালো মেঘে ছেয়ে যাওয়ার পর শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। ঝড়ে জমির পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ে। অনেক জমিতে কাটা ধান শুকানোর জন্য ফেলে রাখা ছিল সেসব ধানও ভিজে গেছে। দুপুরের পর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি মাঠেই ধান গাছ মাটিতে পড়ে গেছে ও ধানের জমিতে পানি জমেছে।
উপজেলার শিবরামপুর গ্রামের কৃষক আব্দুল জব্বার জানান, প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে জমির পাকা ধান গাছ মাটিতে নুইয়ে পড়েছে। শেষ সময়ের ঝড়ে তার যে ক্ষতি হয়েছে তা কোনওভাবেই পুষিয়ে ওঠা সম্ভব নয়। মহাদেবপুর উপজেলা কৃষি অফিসার হুসাইন মুহাম্মদ এরশাদ, বোরো ধান কাটার এসময় ঝড়ো বাতাস ও বৃষ্টিতে কৃষকদের কিছুটা ক্ষতি ও ধান কাটার শ্রমিক খরচ কিছুটা বাড়ার আশংকা করছেন তিনি। তবে শিলাবৃষ্টি হলে এ ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যেতো। তারপরও ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠ পর্যায়ে জরিপ শুরু হয়েছে। বৃষ্টির পরপরই কৃষকদের জমি থেকে পানি নিষ্কাশনের নির্দেশ দেওয়া হয়েছে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে কৃষকদের সহায়তা করছেন।


