ধূমকেতু নিউজ ডেস্ক : পুরুষদের ২০৩০ সালের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৬৪-এ উন্নীত করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সংস্থাটির বার্ষিক কংগ্রেসে প্রস্তাবটি উত্থাপন করেন সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ।
বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে ২০৩০ আসরটি হতে যাচ্ছে ইতিহাসে প্রথমবারের মতো তিন মহাদেশব্যাপী। আয়োজক দেশ হিসেবে নির্ধারিত রয়েছে স্পেন, মরক্কো ও পর্তুগাল, তবে উদ্বোধনী ম্যাচগুলো হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে—যেখান থেকে ১৯৩০ সালে যাত্রা শুরু হয়েছিল বিশ্বকাপের।
প্রস্তাব উত্থাপন করে কনমেবল প্রেসিডেন্ট ডোমিঙ্গেজ বলেন, “শত বছর পূর্তি একবারই আসে। আমরা চাই এই উদ্যাপন হোক সত্যিই ব্যতিক্রম। আরও বেশি দেশ যেন এই উৎসবে অংশ নিতে পারে—এটাই আমাদের মূল লক্ষ্য।”
এই প্রস্তাব বাস্তবায়িত হলে বিশ্বকাপের দলসংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪-তে নেওয়া হবে, ফলে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১২৮-এ।
প্রস্তাবটির সূত্রপাত অবশ্য হয়েছিল মার্চ মাসে, উরুগুয়ের ফুটবল ফেডারেশনের সভাপতি ইগনাসিও আলোনসো প্রথম বিষয়টি সামনে আনেন ফিফা কাউন্সিলের এক বৈঠকে। ফিফা এক বিবৃতিতে জানায়, “পরিষদের সদস্যদের দেওয়া যেকোনো প্রস্তাব গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হয়।”
যদিও কনমেবলের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে অনেকে, বিরোধিতাও রয়েছে। উয়েফা সভাপতি আলেকসান্ডার চেফারিন স্পষ্টভাবেই বলেছেন, “এই প্রস্তাব আমাকে বিস্মিত করেছে। এটা আমার দৃষ্টিতে একটি খারাপ ধারণা।”
সমালোচকদের মতে, দল বাড়লে বিশ্বকাপে অংশগ্রহণের মূল্য হারাবে এবং প্রতিযোগিতার মানও ক্ষতিগ্রস্ত হতে পারে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, যিনি কনমেবলের কংগ্রেসে উপস্থিত ছিলেন, ২০৩০ বিশ্বকাপকে “একটি ব্যতিক্রমী মাইলফলক” হিসেবে আখ্যা দিয়েছেন।
সবকিছু ঠিক থাকলে, আগামী ১৫ মে প্যারাগুয়েতে অনুষ্ঠিতব্য ফিফার ৭৫তম কংগ্রেসে প্রস্তাবটি নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপের শতবর্ষকে ঘিরে একদিকে উন্মাদনা, অন্যদিকে বিতর্ক—সব মিলিয়ে ২০৩০ সালের আসর আগেভাগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।


