ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে “রংধনু নাইট ফুটবল টুর্নামেন্ট-–২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১ জুন) রাত ১০টায় নগরীর ২ নং ওয়ার্ডের বালাজান স্কুলের বিপরীত মাঠে রংধনু স্পোর্টিং ক্লাব আয়োজিত টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “যুব সমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। রাজশাহীকে একটি সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত নগরী হিসেবে গড়ে তুলতে ক্রীড়া ও সংস্কৃতির প্রসারে সকল ধরনের ইতিবাচক উদ্যোগকে উৎসাহ দেওয়া হবে।”
পরে প্রধান অতিথি রাসিক প্রশাসক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিউল আহসান হিমেল। এ সময় ক্রীড়া সংগঠক, খেলোয়াড় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করেছিল। টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাসনা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডাইনামিক রাজশাহী দল।



