ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মেয়ে মারিন আশরাফী ৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন। প্রতিযোগিতায় ফাইট ও পুমসে—দুই বিভাগেই স্বর্ণপদক জয় করে রাজশাহীর জন্য বয়ে এনেছেন গৌরব।
রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন মারিন। ফাইট বিভাগে দুর্দান্ত লড়াই করে প্রতিপক্ষকে পরাজিত করার পাশাপাশি পুমসে বিভাগেও নিখুঁত কৌশল ও দক্ষতার মাধ্যমে সেরা হয়ে স্বর্ণপদক অর্জন করেন তিনি।
একই প্রতিযোগিতায় দুই বিভাগে স্বর্ণজয় মারিনের কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও তায়কোয়ানডোর প্রতি তার গভীর ভালোবাসারই প্রতিফলন। তার এই সাফল্যে গর্বিত রাজশাহীর ক্রীড়াঙ্গন।
ছোটবেলা থেকেই তায়কোয়ানডোর সঙ্গে যুক্ত মারিন আশরাফী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে আসছেন। এবার ফেডারেশন কাপের মঞ্চে ফাইট ও পুমসে—দুই বিভাগেই স্বর্ণজয় করে আরও একবার নিজের সামর্থ্যের জানান দিলেন রাজশাহীর এই তরুণী তায়কোয়ানডো খেলোয়াড়।
রাজশাহীর মেয়ে মারিনের জোড়া স্বর্ণ—গর্বিত রাজশাহী, উচ্ছ্বসিত তার দোজাং ও শুভাকাঙ্ক্ষীরা।



