ধূমকেতু নিউজ ডেস্ক : স্পিনার রবিউল ইসলাম রবির বল ডাউন দ্য উইকেটে এসে ইনসাইড আউট শটে দৃষ্টিসীমার বাইরে পাঠালেন। পরের বলটা জায়গায় দাঁড়িয়ে পুল। কয়েক বল পর আবার ডাউন দ্য উইকেটে এসে লং অন দিয়ে ছক্কা!
কোনো জড়তা ছাড়াই ২২ গজে ব্যাটিংয়ে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন তামিম ইকবাল। আঙুলের চোট সারিয়ে মিরপুরের ইনডোরের মাঠে আজই প্রথম ব্যাট নিয়ে মাঠে নামলেন বাঁহাতি ওপেনার। দেখে মনে হয়েছে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছেন তিনি। গত ২২ নভেম্বর ইংল্যান্ডের লিডসে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান তামিম। চিড় ধরা আঙুলে অস্ত্রোপচার করানো লাগতে পারে এমন ভাবনা নিয়েই ইংল্যান্ডে গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
কিন্তু স্ক্যান রিপোর্টে চিড় প্রায় সেরে ওঠায় চিকিৎসক তাকে পুনর্বাসনে পাঠান এবং এক মাসের সময় বেঁধে দেন। কিন্তু সময়ের আগেই সবুজ সংকেত পেয়ে মাঠে ফিরলেন তামিম। তবে শুরুতে হালকা ব্যাটিং করবেন। ধীরে ধীরে বাড়বে তার ওয়ার্কলোড।
আজ শুধু স্পিনারদের খেলেছেন। দ্রুতগতির বল খেলবেন কয়েকদিন পর। বিসিএল নিয়ে ক্রিকেটাররা ব্যস্ত থাকায় নেট বোলার পাননি। স্পিনার রবিউলের পাশাপাশি থ্রো ডাউন খেলেছেন তামিম। প্রায় ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলন শেষে মুখে চওড়া হাসি নিয়েই মাঠ ছাড়েন তিনি। দেখে মনে হয়েছে, ব্যাটিং অনুশীলনে বেশ তৃপ্ত।
আঙুলের চোটে তামিম পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেনি। টি-টোয়েন্টি ক্রিকেটে আগের থেকেই ছিলেন না। নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগের ম্যাচে গত ৬ অক্টোবর ব্যাটিংয়ের সময় বাঁহাতে বুড়ো আঙুলে আঘাত পান তামিম। কিন্তু ভুল চিকিৎসায় তার মাঠে ফেরা বিলম্ব হয়। তামিমের আঙুলে দুটি চিড় ছিল। প্রথম এক্স-রে একটি ধরা পড়ে। সেই মোতাবেক চলে তার পুনর্বাসন।
দুই সপ্তাহ পর ১৪ নভেম্বর আরেকটি এক্স-রে করান তিনি। পুরোনো চিড় ঠিকঠাক হলেও নতুন এক্স-রে তে ধরা পড়ে আরেক চিড়। পুরোনো চিড় ছিল আঙুলের ভেতরের দিকে। নতুন চিড় ওপরের দিকে। ফলে নতুন করে আবার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে হয় তাকে।
গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেই শেষ খেলেছেন তামিম। চোটের কারণে ছিলেন না ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজে। টানা খেলার বাইরে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও নিজেকে সরিয়ে নেন ওয়ানডে অধিনায়ক। দীর্ঘ ক্যারিয়ারে ইনজুরির কারণে এতটা সময় মাঠের বাইরে কখনো থাকতে হয়নি তাকে।


