ধূমকেতু নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ধোঁয়া দেখা যাচ্ছে বহু দূর থেকে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা সোয়া ২টার দিকে সেখানে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম।
শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
তিনি বলেন, বিমানবন্দরের ৮ নম্বর গেইটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করছে। আরও ১৫টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দের দায়িত্বরতরা কাজ করছে।


