ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত পুলিশকে বডি ক্যামেরা প্রদান, নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন ও ড্রোন ওড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনাকালে এ নিয়ে বিস্তারিত কথা হয়।
অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের অঙ্গরাজ্য ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন পুরো কাজের যেন অনলাইন সার্ভিস থাকে। সেটার সক্ষমতা যেন কনস্যুলেট চালু হওয়ার সঙ্গে সঙ্গে থাকে। সেই বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন।
এর আগে ২০ অক্টোবর (সোমবার) নির্বাচন কমিশন (ইসি) জানায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসির আনশৃঙ্খলা সংক্রান্ত সভার কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।
সোমবারের সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার, র্যাব, এনএসআই, ডিজিএফআই, এনটিএমসি, সিআইডি এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর ঊর্ধ্বতন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ড্রোন ব্যবহার নিষিদ্ধ করার চারটি প্রধান কারণ হলো: গোপনীয়তা লঙ্ঘন, নিরাপত্তার ঝুঁকি, আইন ও বিধি লঙ্ঘন এবং ব্যক্তিগত তথ্য চুরি। ড্রোন ব্যবহার করে ভোটারদের ব্যক্তিগত স্থান, অফিস, কিংবা ভোটকক্ষ পর্যবেক্ষণ করা সম্ভব যা ভোটের গোপনীয়তা রক্ষার অধিকারকে লঙ্ঘন করতে পারে।


