ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্ট নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিম্নচাপটি আগামী ২৭ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মন্থা’ (Maantha)।
আবহাওয়াবিদদের বিশ্লেষণে জানা গেছে, ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে ‘সিভিয়ার সাইক্লোন’ অর্থাৎ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বর্তমানে নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ১,৩৩০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,২৫৫ কিলোমিটার, মোংলা থেকে ১,৩০৫ কিলোমিটার এবং পায়রা থেকে প্রায় ১,২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।
নিম্নচাপটি এখন পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ায় ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে পৌঁছাতে পারে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “বর্তমান তথ্য অনুযায়ী ২৭ অক্টোবর সকালে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে তখনই এর গতিপথ নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।”
বিভিন্ন গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ২৮ বা ২৯ অক্টোবরের মধ্যে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন আসবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হতে পারে, চট্টগ্রাম ও সিলেটেও বৃষ্টির পরিমাণ থাকবে কম। অন্যদিকে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কেন এই নাম ‘মন্থা’
‘মন্থা’ নামটি দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় ‘মন্থা’ শব্দের অর্থ ‘সুবাসিত ফুল’ বা ‘সুন্দর ফুল’।
২০০৪ সাল থেকে বিশ্ব আবহাওয়া সংস্থা ঘূর্ণিঝড়ের নামকরণের প্রথা চালু করে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত WMO/ESCAP প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস ঘূর্ণিঝড়ের নামের তালিকা তৈরি ও অনুমোদন করে।
এই প্যানেলের সদস্য দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাত।
বিশেষজ্ঞরা বলছেন, ‘মন্থা’ নামটি শান্ত ও কোমল অর্থ বহন করলেও প্রকৃতিতে এটি হতে পারে প্রবল ও বিধ্বংসী ঘূর্ণিঝড়।


