ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া পূর্বাভাস অনুযায়ী, দেশের অধিকাংশ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এ পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকাতেও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। বিশেষ করে এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। অন্যদিকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।
রবিবার থেকে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। এতে সারা দেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
সোমবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। ফলে আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।



