ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুর থেকে জয়নাল আবেদীন (৩৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) সকাল ৭টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে জয়নালের স্ত্রী লিমা আক্তারকে (২৪) আটক করেছে পুলিশ।
নিহত জয়নাল উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নিহত জয়নালের স্ত্রী লিমা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী এক ছেলের দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত ঝগড়া হতো। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশও হয়েছে। সম্ভবত এ কারণে গতকাল রাতের কোনো এক সময় জয়নালকে খুন করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়াজনিত ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’


