ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার চ্যাটার্টন ডিকসন বলেছেন, মানিয়ে নেয়ার বিষয়ে বাংলাদেশের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম একটি সফল দেশ। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ সময়ের সম্পর্ক আছে। আমরা বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে সহায়তা করবো।
শনিবার সকাল ১০টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের ‘শিশু পল্লী প্লাস’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ২০৫০ সালের মধ্যে কার্বন-নিরপেক্ষ সমাজ গড়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। কার্বনের প্রভাব কমাতে আমরা একসঙ্গে ভালো চর্চা চালাতে পারি।
চ্যাটার্টন ডিকসন বলেন, কপ২৬ সামিটে বাংলাদেশের অন্যতম অবদান রয়েছে। বাংলাদেশ জাতীয়ভাবে অনেক কিছু অর্জন করেছে। এ অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় অবদান রয়েছে। আমরা মনে করি, কার্বনবিহীন ভবিষ্যৎ গড়তে পুরো বিশ্ব একটা পরিবর্তনের মধ্যদিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার নিজেদের শক্তি ও পরিকল্পনায় কার্বনবিহীন সমাজ গড়তে যেসব পরিবর্তন করেছে, আমরা সেটিকে স্বাগত জানাই।
টেংরা গ্রামের ‘শিশু পল্লী প্লাস’ পরিদর্শনে গিয়ে ব্রিটিশ হাইকমিশনার মি. চ্যাটারটন ডিকসন বলেন, শুধু মানবসেবা নয়, উন্নত মানবজাতি গঠনে ‘শিশু পল্লী প্লাস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা পরিবার ও সমাজ থেকে হারিয়ে যাওয়া শিশু কিশোরদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ভূমিকা রাখছে। একইসাথে অসহায় নারী ও মা’দের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করতে কারিগরি শিক্ষা প্রদানে অবদান রাখছে। আমি শিশু পল্লী প্লাস এর এসব কার্যক্রম দেখে খুশি হয়েছি। আমি ‘শিশু পল্লী প্লাস’কে সহযোগিতা করার চেষ্টা করবো।
এ সময় ব্রিটিশ হাইকমিশনার ‘শিশু পল্লী প্লাস’ পরিদর্শন করে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক কর্মসূচি উপভোগ করেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির তাঁত শিল্প, তৈরী পোশাক শিল্প, হস্ত ও কুটির শিল্প, হাতে ভাজা নিরাপদ মুড়ি তৈরী, সবজি উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। পরে নারী ক্রিকেটারদের সাথে ফটোসেশন করে তাদের অভিজ্ঞাত-অনুভূতি জানেন।


