ধূমকেতু নিউজ ডেস্ক : লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১১৪ জন বাংলাদেশি নাগরিক। তারা লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
বৃহস্পতিবার সকালে বোরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।
তিনি বলেন, সকাল সোয়া ৮টায় উড়োজাহাজটি ঢাকায় নামার পর লিবিয়া ফেরত ১১৪ জনকে বিমানবন্দরের ট্রানজিট পয়েন্টে রাখা হয়। ২০২১ সালের বিভিন্ন সময়ে ভিজিট ভিসায় দুবাই, ওমান ও মালয়েশিয়ায় গিয়েছিলেন তারা। ইতালি নেয়ার কথা বলে সেখান থেকে দালালরা তাদের লিবিয়ার ত্রিপোলিতে নিয়ে তাদের গেইম ক্যাম্পে রাখে। পরে লিবিয়ার পুলিশ এবং সেনাবহিনী বিভিন্ন সময় তাদের গ্রেপ্তার করে।
তিনি জানান, দেশে ফেরা ১১৪ জনের মধ্যে কয়েকজনের সাথে কথা বলে তারা জানতে পেরেছেন, তাদের কেউ কেউ ছয় নয় মাস ধরেও লিবিয়ার কারাগারে আটক ছিলেন। দালালরা তাদের কাছ থেকে ১১ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নিয়েছে ইউরোপে পৌঁছে দেয়ার আশা দেখিয়ে। এখন জাতিসংঘের মাধ্যমে আউট পাস নিয়ে তারা বাংলাদেশে ফিরলেন।


