ধূমকেতু নিউজ ডেস্ক : বরিশালের একটি আবাসিক হোটেল থেকে রুবেল খন্দকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল স্বাধীন পার্কের দোতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহত রুবেল খন্দকারের বাড়ি বাকেরগঞ্জ উপজেলায়।
কোতোয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রুবেল বিভিন্ন বাজার থেকে পাইকারি দরে মাছ কিনে রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় বিক্রি করতেন। তিনি আবাসিক হোটেলেই থাকতেন।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।


